Showing posts with label জীবনানন্দ দাশ. Show all posts
Showing posts with label জীবনানন্দ দাশ. Show all posts

Sunday, September 10, 2006

কবিতা-বোধ

আলো-অন্ধকারে যাই--মাথার ভিতরে
স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে;
স্বপ্ন নয়--শান্তি নয়--ভালোবাসা নয়,
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম ময়;
আমি তারে পারি না এড়াতে,
সে আমার হাত রাখে হাতে;
সব কাজ তুচ্ছ হয়--পন্ড মনে হয়;
সব চিন্তা--প্রার্থনার সকল সময়
শূণ্য মনে হয়,
শূণ্য মনে হয়।

... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ...

আমারে সে ভালোবাসিয়াছে;
আসিয়াছে কাছে,
উপেক্ষা সে করেছে আমারে,
ঘৃণা ক'রে চ'লে গেছে--যখন ডেকেছি বারে-বারে
ভালোবেসে তারে;
তবুও সাধনা ছিলো একদিন--এই ভালোবাসা
আমি তার উপেক্ষার ভাষা
আমি তার ঘৃণার আক্রোশ
অবহেলা ক'রে গেছি; যে নক্ষত্র--নক্ষত্রের দোষ
আমার প্রেমের পথে বার-বার দিয়ে গেছে বাধা
আমি তা ভুলিয়া গেছি;
তবু এই ভালোবাসা--ধুলো আর কাদা--।

মাথার ভেতরে
স্বপ্ন নয়--প্রেম নয়--কোনো এক বোধ কাজ করে।
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মত ঘুরে-ঘুরে একা কথা কয়।
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...

-------------------------------------------------------
জীবনানন্দ দাশের "বোধ" কবিতার কিছু অংশ।

Tuesday, September 05, 2006

কবিতা "পরস্পর"

পরস্পর
জীবনানন্দ দাশ
---------------

পরী নয়, মানুষও সে হয়নি এখনও;
বলেছে সে, কাল সাঝরাতে
আবার তোমার সাথে
দেখা হবে?--আসিবে তো?--তুমি আসিবে তো?
দেখা যদি পেত !
নিকটে বসায়ে
কালো খোঁপা ফেলিত খসায়ে--
কী কথা বলিতে গিয়ে থেমে যেত শেষে
ফিক করে হেসে!
তবু, আরো কথা
বলিতে আসিত--তবু, সব প্রগলভতা
থেমে যেত!
খোঁপা বেঁধে, ফের খোঁপা ফেলিত খসায়ে--
সরে যেত, দেয়ালের গায়ে
রহিত দাঁড়ায়ে!
রাত ঢের--বাড়িবে আরো কি
এই রাত!--বেড়ে যায়, তবু চোখাচোখি
হয় নাই দেখা
আমাদের দুজনার!--দুইজন, একা!--

Sunday, April 16, 2006

কবিতা ২- রজনীগন্ধা

রজনীগন্ধা

জীবনানন্দ দাশ

----------------

এখন রজনীগন্ধা -- প্রথম -- নতুন--
একটি নক্ষত্র শুধু বিকেলের সমস্ত আকাশে;
অন্ধকার ভালো বলে শান্ত পৃথিবীর
আলো নিভে আসে৷

অনেক কাজের পরে এইখানে থেমে থাকা ভালো;
রজনীগন্ধার ফুলে, মৌমাছির কাছে ৷
কেউ নেই, কিছু নেই,তবু মুখোমুখি
এক আশাতীত ফুল আছে ৷

*************************
সবচে' ভালো - বলে কিছু আছে আমি বিশ্বাস করি না৷
তবু কেউ যদি কখনো জিজ্ঞেস করে, কোন কবিতা আমার সবচে' ভালো লাগে- আমি এই কবিতার কথাই বলবো৷